ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরী থেকে চলাচলের অযোগ্য ট্যাক্সিক্যাব অপসারণ এবং এই শূন্যতা পূরণে নভেম্বরের মধ্যে এক হাজার নতুন ট্যাক্সিক্যাব আমদানি করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
নিটল গ্র“পের আমদানি করা ‘টাটা এইস জিপ পিকআপ’-এর বিপণন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিটল গ্র“পের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এতে সভাপতিত্ব করেন।
বাণিজ্যিকভাবে ব্যবহৃত ট্রাকের যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক ও নিবন্ধন ব্যয় হ্রাসের দাবি জানিয়ে মাতলবু বলেন, “এসব যন্ত্রাংশের আমদানি শুল্ক ও নিবন্ধন ব্যয় পাশাপাশি নতুন করে ট্যাক্সিক্যাব আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে।”
জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ইতোমধ্যে এক হাজার ট্যাক্সিক্যাব আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।
চলাচলের অযোগ্য ট্যাক্সিক্যাব এবং বাস অপসারণে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দিয়ে কাদের বলেন, “সাত বছর ধরে আমদানি বন্ধ থাকায় ট্যাক্সিক্যাবগুলোর অবস্থা অত্যন্ত গরিব। ঢাকায় চলাচলকারী বাসগুলোর অবস্থাও অত্যন্ত গরিব। এদের যে অবস্থা, ততটা গরিব দেশ আমরা নই।”
ঢাকার চেয়ে চিলমারী ও সোনাগাজির বাসগুলোর অনেক ভালো বলেও মন্তব্য করেন নোয়াখালী-৫ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের এই সাংসদ।
‘যেখানেই হাত দেই, সব ভুয়া’
আগামী অক্টোবরের মধ্যে ঢাকার সকল যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “এখন আর গাড়ির কাগজপত্র পরীক্ষা করি না। কারণ যেখানেই হাত দেই, সেখানেই ভুয়া সনদ ও কাগজপত্র। গাড়ির কাগজও ভুয়া, চালকের চালনার সনদও ভুয়া।”
আদালতের নির্দেশে লাইনেন্স নবায়ন করা যাচ্ছে না- এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, “এতে সমস্যা হচ্ছে। তবে আগামী অক্টোবর থেকে ডিজিটাল নম্বর প্লেট দেওয়া শুরু হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিআরটিএ’র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, টাটা গ্র“পের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান রুদ্ররূপ মৈত্র ও নিটল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোসাব্বির আহমাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫০ ঘ.
bdnews24