২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গৃহবধূর চুল কর্তন, সালিশে নির্যাতন

দিনাজপুর সদরে চরিত্রহীন অপবাদ দিয়ে গৃহবধূর চুল কাটার পর সালিশ বৈঠকে আবারো নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদরে চরিত্রহীন অপবাদ দিয়ে গৃহবধূর চুল কাটার পর সালিশ বৈঠকে আবারো নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (২৩ সেপ্টেম্বর) সালকি সন্তোষপাড়া গ্রামে এক গৃহবধূর (৩৫) চুল কেটে দেয় স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী মকসেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোশারফ নামের এক ব্যক্তিকে তাদের বাড়ি ঢুকতে দেখে গ্রামের কিছু লোক তাকে আটক করে। তদের অভিযোগে তাদের দু’জনকে এক ঘরে পাওয়া গেছে। এরপর রফিকুল, আমিনুল, রাশেদ, সাখাওয়াত, শরিফুলসহ আরো কয়েকজন মোশারফের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে তার স্ত্রীকে জোর করে ধরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে বেধে মারধর করে এবং মাথার চুল কেটে দেয়। প্রতিবাদ করলে তাকেও (স্বামী) মারধর করা হয়। মকসেদুর রহমান আরো বলেন, আটক মোশাররফ তাদের পরিচিত। পাশের কিসমতশহ গ্রামে তার বাড়ি। কিন্তু রাতে মোশররফ কী কারণে তাদের বাড়ি এসেছিলেন তা তিনি বলতে পারেননি। নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, সেই রাতে তাকে একটি স্কুল ঘরে আটকে রাখা হয়। পরদিন দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল লতিফ ও মহিলা ইউপি সদস্য আকলিমার উপস্থিতিতে নির্যাতনকারীরা একটি সালিশী বৈঠক করে। এখানে তাকে আরেক দফা নির্যাতন করা হয়। ঘটনার পাঁচদিন পর শুক্রবার পালিয়ে থানায় গিয়ে মামলা করেন ওই মহিলা। এ বিষয়ে শনিবার কোতোয়ালি থানার ওসি আসলাম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল আজিজ শনিবার দুপুর ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি যে এ মামলার তদন্ত কর্মকর্তা তা তিনি জানেন না। এদিকে শংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন বিষয়টি জানলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬১০ ঘ.