২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গলা কাটা এক নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার পুরাতন হাসপাতাল পাড়ায় এক নারীর ধারালো অন্ত্রে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার পুরাতন হাসপাতাল পাড়ায় এক নারীর ধারালো অন্ত্রে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় নিহত তহমিনা বেগমের (৫৫) লাশ ও রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের রজব আলী মালের স্ত্রী। নিহত তহমিনা তার মেয়ে লাকি খাতুনের বাড়ি গত শুক্রবার দুপুরে বেড়াতে আসে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, রাতে মা ও মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিল। লাকির স্বামী কামরুজ্জামান হাবু তাদের গ্রামের বাড়ি আলমডাঙ্গার কমলাপুরে ছিলেন। “রাত আড়াইটার দিকে ঘরের ভেতর শব্দ শুনে মেয়ের ঘুম ভেঙে যায়। মেয়ে লাকি খাতুন ঘুম থেকে উঠে দেখে তার মা ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন। লাকির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। ” রাত তিনটার দিকে পুলিশ ওই বাড়ি থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় বলে জানান তিনি। ওসি বলেন, “ঘরের দরোজা-জানালা অক্ষত রয়েছে, বাইরে থেকে কোন আততায়ী গিয়ে হত্যা করেনি তা নিশ্চিত।” “মেয়ে মাকে হত্যা করলে সে পালিয়ে যেতো কিংবা ধারালো অস্ত্রটি সরিয়ে ফেলতো” যোগ করেন তিনি। এ কারণে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩৪ ঘ.