খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন পার্বত্য শান্তিচুক্তিবিরোধী পাহাড়িদের সংগঠন ইউপিডিএফের দুই কর্মী।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী দুদুকছড়ি এলাকায় শনিবার সকাল পৌনে ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ইউপিডিএফকর্মী পীযূষ কুমার চাকমা হৃদয় (৩৫) এবং সমর্থক সুনীতি কুমার চাকমা (৪৫)।
এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ নেতারা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে এই বিষয়ে জনসংহতি সমিতির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় লোকজন দুদুকছড়ি সেতুর পাশে বাজারে একদল অস্ত্রধারী এলোপাথাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই হৃদয় ও সুনীতি মারা যান।
পানছড়ি থানার ওসি আলমগীর হোসেন দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক রিকু চাকমা হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনীতির লাশ ঘটনাস্থলেই পাওয়া যায়। গুলির পর হৃদয় পাশের ছড়ায় (ঝর্ণা) ঝাঁপ দেন। তার লাশ প্রায় এক কিলোমিটার দূরে পাওয়া যায়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছিলেন। ওই ঘটনার জন্যও সংগঠনটি জনসংহতি সমিতিকে দায়ী করেছিল। তবে জনসংহতি সমিতি সে অভিযোগ প্রত্যাখ্যান করে।
১৯৯৭ সালে সন্তু লারমার সঙ্গে সরকারের পার্বত্য শান্তিচুক্তির পর তার বিরোধিতা করে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে গড়ে ওঠে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
তারপর এই দুই সংগঠনের সংঘাতে পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে একে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন সন্তু লারমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২২ ঘ.
bdnews24