নাটোর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদরে জঙ্গি সন্দেহে ১০ ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, এই ১০ জন নতুন জঙ্গি সংগঠন তাসাউফ মহলের সদস্য এবং উপজেলার চৌগাছি গ্রামের সোহান ওরফে সুমন হত্যা মামলার আসামি।
র্যাব-৫ (রাজশাহী) ও সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সদরের চৌগাছী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় তাদের নাটোর প্রেসক্লাবে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহান হত্যা মামলার প্রধান আসামি মো. রয়েল আমিন (১৮), আবু দারদার (১৮), মো. মোক্তার আলী (২৪), মো. মনিরুল ইসলাম (১৮), মো. মিঠুন ইসলাম ওরফে শাহিন (১৯), মো. আলামিন হোসেন (১৯), মো. জুয়েল রানা (২৮), মাটিয়াপাড়ার মো. রুবেল (২২) ও ইদ্রিস আলী (২৮), শহরের কানাইখালির তন্ময় আহমেদ ওরফে মীম (১৪)।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চাইনিজ কুড়াল, চাপাতি, হাসুয়া ও সাংগঠনিক কাজে ব্যবহৃত দুই সেট কালো পোশাক উদ্ধার করা হয়।
আটক রয়েল সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে একই গ্রামের আকবর আলীর ছেলে সাতিল এর নেতৃত্বে চৌগাছী এলাকায় ১০ জন সদস্য নিয়ে জঙ্গী সংগঠনটির যাত্রা শুরু হয়।
“সাতিল ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে মাঝে মাঝে এলাকায় ফিরে সদস্যদের প্রশিক্ষণ দিত। ২০১১ সালে সাতিল প্রত্যেক সদস্যের কাছ থেকে আটশ’ টাকা নিয়ে একটি করে চায়নিজ কুড়াল এবং একটি করে কালো পোশাক (ইউনিফর্ম) সরবরাহ করে।”
আতœপ্রকাশ করার জন্য তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে। এ কারণে তারা একটি হত্যার তালিকাও তৈরি করে, যার মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতাদের নামও ছিল বলে জানান রয়েল।
তিনি আরো জানান, বিষয়টি জেনে যাওয়ায় এবং পাওনা টাকার কারণে সোহানকে হত্যা করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া উইং এর লেফটেন্যান্ট মাহদীন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আপেল মাহমুদ বলেন, আটকৃতদের থানায় হস্তান্তর করা হলে পুলিশ তদন্ত শুরু করবে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24