সিলেট, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বিকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুত তা রোধ করা সম্ভব নয়। তবে চেষ্টা করা দরকার যাতে তা প্রশমন করা যায়।
তথ্য প্রযুক্তির প্রসার দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বন্ধে সহায়ক হয়েছে বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সিলেট এবং জেলা প্রশাসন আয়োজিত দুদিনব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
নগরীর ক্বীন ব্রিজ এলাকায় অনুষ্ঠিত এ মেলায় ২২টি প্রদর্শনী স্টল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদপত্রের সংযম প্রয়োজন। অনেক খবর আছে যেগুলো প্রচার করলে দেশের ক্ষতি হয়। সেখানে সংবাদপত্রের একটা নিজস্ব নিয়স্ত্রণ প্রণালী গ্রহণ করা দরকার।
এ প্রসঙ্গে প্রেস কাউন্সিলকে দাঁতবিহীন বুড়ো প্রতিষ্ঠান বলে উল্লেক করেন তিনি।
“প্রেস কাউন্সিলের সব দাঁত নষ্ট হয়ে গেছে। এখানে আবেদন করে কোনো প্রতিকার পাওয়া যায় না,” বলেন মুহিত।
সচেতন সচেতন নাগরিক কমিটি সনাক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24