গাজীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ ও সুষ্ঠু হলে গাজীপুর উপনির্বাচনের ফল যাই হোক, মেনে নেবেন বলে জানিয়েছেন প্রার্থীরা।
শুক্রবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে তিন প্রার্থীই ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে এ নির্বাচনের ব্যাপারে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি কাপাসিয়াবাসীর মধ্যে।
এদিকে ভোটের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
আগামী রোববার গাজীপুর-৪ আসনের উপনির্বাচনের ভোট হবে। শুক্রবার মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ হচ্ছে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নৌকা, তার চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমেদ খান মোরগ এবং কমিউনিস্ট পার্টির মো. আসাদুল্লাহ বাদল কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তার বোন সিমিন হোসেন রিমিকেই এবার মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় সিমিন হোসেন রিমি গণসংযোগ করেন।
এ সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা আমি মেনে নেব। ভোটকেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ রয়েছে। আশাকরি, তা নির্বাচনের দিনও তা বজায় থাকবে। আমি ভোটারদের কেন্দ্রে যেতে অনুরোধ জানিয়েছি।”
আফসার উদ্দিন আহমদ খান বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মীরা বিভিন্নভাবে তাকে এবং তার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা করা নিরাপদ নয় ভেবে তাকে পুলিশ দেয়া হয়েছে।
“যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে, তাহলে ফলাফল যাই হোক আমি মেনে নেব,” বলেন তিনি।
জনগণ ভোট দিতে পারলেই তিনি বিজয়ী হবেন বলে দাবি করেন আফসার উদ্দিন।
সিপিবির আসাদুল্লাহ বাদল টোক, রায়েদ, বারিষাব, সিংহশ্রী রায়েদসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
তিনি বলেন, একটি দল নির্বাচন থেকে বিরত রয়েছে। ভোটাররাও প্রাকাশ্যে আসছে না। জনগণ সরকারের দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে রায় দেবে। এবার নীরব বিপ্লব ঘটবে।
এদিকে আমরাইদ বাজারের ব্যবসায়ী সামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটারদের উৎসাহ নেই, নির্বাচনী আমেজ নেই। একই পরিবারের দুই সদস্য প্রার্থী হওয়ায় মানুষের উৎসাহ কমে গেছে।
আমরাইদ এলাকার মজিবুর রহমান বলেন, “স্বাধীনতার পর থেকে আমারা আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠালেও কাপাসিয়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এখানকার সাংসদরা অপমানিতও হয়েছে বারবার। আওয়ামী লীগ এবার রিমিকে প্রার্থী করেছে। তাকেও যে অপমানিত করা হবে না তার গ্যারান্টি কী?”
রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। এজন্য কমিশন সকল প্রস্তুতি ও ব্যবস্থা সম্পন্ন করেছে।
তোফায়েল আহমদের সংবাদ সম্মেলন
বিকালে কাপাসিয়া আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ক্ষমতাসীন এ দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নির্বাচনে দলের প্রধান সমন্বয়কারী তোফায়েল আহম্মেদ।
নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে আশা করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু না হয়, তা প্রমাণের জন্যই বিএনপির হাতের পুতুল হয়ে আফসার উদ্দিন কাজ করে যাচ্ছেন। তিনি একের পর এক অভিযোগ করে যাচ্ছেন।
তিনি বলেন, সরকারি দল হিসেবে আওয়ামী লীগ এই উপনির্বাচনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, কিন্তু দলীয় কোনো প্রভাব নির্বাচন পরিচালনায় পড়বে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, আব্দুল কবীর মাস্টার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৫ ঘ.
bdnews24