২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিভ্রান্ত করতেই সংস্কার চাওয়া’

দেশের মানুষকে ‘বিভ্রান্ত’ করতে প্রধানমন্ত্রী জাতিসংঘে বিশ্ব ব্যাংকের সংস্কারের আহবান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষকে ‘বিভ্রান্ত’ করতে প্রধানমন্ত্রী জাতিসংঘে বিশ্ব ব্যাংকের সংস্কারের আহবান জানিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে শুক্রবার বিকালে ফখরুল বলেন, “এমন এক সময়ে প্রধানমন্ত্রী এ রকম সংস্কারের আহবান জানিয়েছে, যখন পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের বাতিল হওয়া ঋণ চুক্তির বিষয়টি বিশ্ব ব্যাংক পুনর্বিবেচনা করতে চেয়েছে; যখন কি না ওই প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের টানাপোড়েন চলছে।’’ “জনগণের দৃষ্টি অন্যত্র ফিরিয়ে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেই প্রধানমন্ত্রী এই সংস্কারের আহবান জানিয়েছেন বলে আমরা মনে করি”, যোগ করেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বহুজাতিক দাতা প্রতিষ্ঠানগুলো সংস্কারের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, “আমি জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্রের সাথে একাত্মতা প্রকাশ করে জাতিসংঘ, ব্রেটন উডস্ ইনস্টিটিউশনস্ ও অন্যান্য বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে পুনরায় গুরুত্ব আরোপ করছি।” ব্রেটন উডস কনফারেন্স নামে পরিচিত এক সম্মেলন থেকে ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করতে বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠন করা হয়। সম্প্রতি ফোর্বস সাময়িকীতে ‘বিশ্ব ব্যাংকের দুর্নীতি’ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। পদ্মা সেতুতে দুর্নীতি করতে বাংলাদেশ সরকারের কয়েকজন ব্যক্তি চক্রান্ত করেছে অভিযোগ এনে সংস্থাটির বৃহত্তম প্রকল্পে অর্থায়ন বাতিল করে বিশ্ব ব্যাংক। এই ঘটনার পর সরকারের সঙ্গে দাতা সংস্থাটির সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২০তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার পর সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন ভারপ্রাপ্ত মহাসচিব। চার দলীয় জোট সরকারের আমলে জঙ্গিবাদের উত্থান সম্পর্কে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, “তিনি চার দলীয় জোটকে দোষারোপ করে যেসব বক্তব্য রেখেছেন, তা সর্বৈব অসত্য। ১৯৯৬ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রমনা বটমূল, উদিচী, নারায়নগঞ্জ, যশোরের বোমা হামলার ঘটনা ঘটেছে।” এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল দেশি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে জাসাস নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহবান জানিয়ে বলেন, “আমরা আমাদের ঐতিহ্য ভুলে যেতে বসেছি। ভিন দেশের সংস্কৃতি সামনের দিকে চলে আসছে। তাই দেশীয় সংস্কৃতিকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে জাসাসকে কাজ করতে হবে।” অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল-হক, কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তারী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংবাদিক সঞ্জীব চৌধুরী, চিত্র অভিনেতা আহমেদ শরীফ, বাউল শিল্পী নাসিমা দেওয়ান, টিভি অভিনেতা আদনান আজাদ আসিফ, টিভি অভিনেত্রী ফারজানা আখতার রীতা, শবনম পারভীন, কণ্ঠশিল্পী মনীর খান প্রমুখকে জিয়া স্বর্ণ পদক প্রদান করা হয়। নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকেও এই পদক প্রদান করা হয়। জিসাস সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভার শেষে প্রয়াত প্রবীন সাংবাদিক আতাউস সামাদ ও চেয়ারপারসনের উপদেষ্টা সাইদ এস্কান্দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৯৪৩ ঘ.