সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বালু মহাল নিয়ে জোড়া খুনের মামলার প্রধান আসামি আব্দুস সাত্তার দিনাজপুরে গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার ভোরে বিরল উপজেলার কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হুমায়ূন কবীর। বিাকল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গত ২ সেপ্টেম্বর যমুনা নদীতে বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হাতে সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও তার শ্যালক শাকিল আহম্মেদ টিক্কা খুন হন।
পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হল।
পুলিশ সুপার (এসপি) হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, সাত্তার ভারত পালিয়ে যাওয়ার জন্য দিনাজপুরের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল সাত্তারকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাত্তার জোড়া খুনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এসপি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাত্তার বলেন, ওই এলাকায় বাড়িটিতে তিনি দুই দিন ধরে অবস্থান করছিলেন।
এদিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে সাত্তারকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24