ফরিদপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে মাঝকান্দি-সাতৈর আঞ্চলিক সড়কের শেলাহাটি এলাকায় এ দুর্ঘটনায় একজন আহত হয় বলেও পুলিশ জানায়।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, দুপুর ২টার দিকে এ সংঘর্ষে মোটরসাইকেল চালক রুহুল আমিন (২২) ঘটনাস্থলে নিহত এবং আরোহী জাকির হোসেন (৪৫) গুরুতর আহত হন। আহত জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী সাতৈর থেকে সেরাপুর যাচ্ছিলেন। তারা শেলাহাটি এলাকায় পৌঁছলে ফরিদপুর থেকে বোয়ালমারীগামী একটি খালি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় বলেও জানান এসআই লিয়াকত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮৪৫ ঘ.
bdnews24