মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাওরে মাছ ধরার মালিকানায় অংশীদারিত্ব পেয়ে সুনামগঞ্জের হাওর অঞ্চলের জেলেদের ভাগ্য বদলাতে শুরু করেছে।
এখন আর প্রভাবশালীদের ইচ্ছামতো মাছ ধরে নামমাত্র মূল্যে বিক্রি করতে হচ্ছে না তাদের। বরং মাছ ধরে নিজের ইচ্ছামতো বিক্রি ও লাভের অর্থের অংশ ঘরে তোলার সুযোগ পাচ্ছেন তারা।
পুরুষ জেলেদের উন্নতির পাশাপাশি বদলেছে এলাকার নারীদের ভাগ্যও। স্বামীর পাশাপাশি হাওর ও বিলে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত হওয়ায় নারীদেরও ক্ষমতায়ন হয়েছে।
ঘর-সংসারের গুরুত্বপূর্ণ বিষয়ে পুরুষদের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে তারাও এখন ভূমিকা রাখছেন।
সুনামগঞ্জের হাওরবেষ্টিত এলাকা বিশ্বম্ভরপুর থানার ফতেহপুর ইউনিয়নের খলাচানপুর গ্রামে জেলেদের অবস্থা দেখতে গিয়ে এ চিত্রই ফুটে ওঠেছে। নারীর ক্ষমতায়নের এ প্রতিধ্বনি মেলে জেলে পরিবারের প্রভাষিনী বর্মন, দিপালী, রমা ও কাকলীদের কণ্ঠে।
সুনামগঞ্জ জেলা সদরের মল্লিকপুর ঘাট থেকে জলবেষ্টিত এই এলাকায় যেতে নৌকাই একমাত্র নির্ভরযোগ্য বাহন। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা সুরমা নদীতীরের এই গ্রামে স্পিড বোটে যেতে ৪৫ মিনিট, আর যান্ত্রিক নৌকায় যেতে প্রায় আড়াই ঘণ্টা লাগে।
বর্ষা মওসুম ছাড়া এখানে মোটর সাইকেল চলে। এতেও এক ঘণ্টার কম সময় লাগেনা বলে জানালেন স্থানীয় জেলে সুকলাল বর্মন।
স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সমাজভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (সিবিআরএমপি) কর্মকা-ই তাদের জীবনে এ অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে বলে জানালেন তৃণমূল পর্যায়ের এসব হতদরিদ্র নারী।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগের সিবিআরএমপি প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার এক হাজার ১০০টি বিলের মধ্যে ২৮০টির ইজারা নিয়েছে স্থানীয় জেলেরা।
প্রভাবশালীদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হওয়া এসব বিল ব্যবস্থাপনার দায়িত্ব জেলেদের হাতেই দেওয়া হয়েছে বিভিন্ন বিলভিত্তিক সামাজিক সংগঠন বা সমিতি করে।
এতে সরকারের ‘জাল যার জলা তার’ নীতির বাস্তব প্রতিফলন ঘটেছে। এসব বিলে আর আগের মতো স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণ নেই। প্রকৃত জেলেদের নিয়ে গড়া কমিটিই এসব বিল ব্যবস্থাপনা, মাছ চাষ এবং মাছ ধরে বিক্রি করছেন।
কমিটিকে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এসব বিল থেকে মাছ ধরছেন জেলেরাই। মাছ বিক্রি করেই তাদের এ ফিয়ের টাকা উঠে আসছে। সেইসঙ্গে থাকছে নিজেদের মুনাফাও। আর বছর শেষে জেলেরা পাচ্ছেন সমিতির লভ্যাংশও। যা বাস্তুহীন বা সহায়-সম্বলহীন এসব জেলের স্থায়ী ঠিকানা বা সহায়-সম্পত্তি গড়ে তুলতে সাহায্য করছে।
সিবিআরএমপি প্রকল্পের অধীনে খলাচানপুর জেলে পল্লী এলাকার ‘আবুয়া প্রকাশিত নাইন্দা বিল’ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ প্রভাষিনী বর্মন। এ কমিটির সভাপতি নিখিল বর্মন এবং সাধারণ সম্পাদক পরিমল বর্মন।
প্রভাষিনী জানালেন, খলাচানপুর গ্রামে মোট ১২০টি পরিবার রয়েছে। এ গ্রামের ৫৮০ সদস্যের মধ্যে শিশু ছাড়া সবাই জেলে। মাছ ধরাই তাদের একমাত্র পেশা। তবে বর্ষা মওসুম শেষে হাওড়-বিলের পানি শুকিয়ে গেলে তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন স্থানে ছুটতে হয়। কিন্তু ওই সময় তাদের তেমন কাজও থাকে না। তাই অনেক সময় তাদের পরিবার-পরিজন নিয়ে না খেয়ে দিনযাপন করতে হয়েছে।
স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে হাওরের মালিকানা ফিরে পেয়ে মাছের চাষ এবং মাছ ধরার মুনাফা পেয়ে এখন তাদের দিন অনেক বদলেছে। এখন পুরুষরা মাছ ধরার কাজ করে। কাজ না থাকলে লাভের টাকায় কেনা পশু-পাখি পালন বা বিকল্প চাষাবাদের কাজ করে। ফলে তাদের সংসারে টানাটানি আর নেই বললেই চলে।
তিনি বলেন, হাওর ও বিলের মালিকানার বদলে নারী সদস্যরা পুরুষ জেলেদের পাশাপাশি অংশীদারিত্ব পেয়েছেন। নারীরা মাছ ধরে না, মাছ ধরে স্বামী বা সন্তান। মাছ বাছাইয়ের কাজটি কিন্তু নারীরাই করে। লাভের টাকার ভাগ যায় নারীদের হাতেই। তাদের নামেই হয়েছে সমিতির ঋণ বা গড়ে তোলা ঘরটির মালিকানা। তাই পরিবারে নারীদের মতামতকেও এখন অনেক বেশি মূল্য দেওয়া হচ্ছে।
এলাকার নারীদের পাশাপাশি পুরুষরাও জানালেন, সমাজভিত্তিক এ সম্পদ ব্যবস্থাপনা এলাকার চিত্রই বদলে দিয়েছে। আগে অর্থাভাব নিজেদের মধ্যেই কোন্দল বাধিয়ে রাখতো। এখন তারা একাট্টা। যা করেন, সবার মধ্যে আলোচনা করে। যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে। অন্যের বিপদে পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।
সিবিআরএমপি’র সমন্বয়কারী আব্দুল হাই চৌধুরী ও স্থানীয় কর্মকর্তা আইরিন পারভীন জানালেন, চারদিকে পানি আর পানি নিয়ে এ গ্রামটির মানুষের বছরের ছয়মাসই পানিবন্দি অবস্থায় কাটে। জলকাদায় বেড়ে ওঠা এসব মানুষের মাছ-ধরা ছাড়া জীবিকার আর কোনো অবলম্বন নেই।
অথচ নিয়মের ফাঁদে পড়ে বা প্রভাবশালীদের চোখ রাঙ্গানিতে এসব বিলে মাছ ধরতে পারতেন না তারা। নতুন নিয়মে স্থানীয় জেলেরা সরকারের কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য এসব বিল ইজারা নিয়ে এখন মাছ ধরার সুযোগ পাচ্ছেন। ১০ বছরের জন্য বিলের ইজারা পেলেও জমার টাকা দিতে হচ্ছে বিভিন্ন মেয়াদে। যা তাদের নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়েছে।
জেলে পরিমল, সুভাষ ও নিতাই জানালেন, জন্মের পর থেকে প্রায় ২৫ বছর ধরে মাছ ধরার কাজে সম্পৃক্ত তারা। কিন্তু কখনোই নিজের ইচ্ছেমতো মাছ ধরতে পারতেন না তারা।
সিবিআরএমপি’র সহায়তায় তারা বিলের মালিক হওয়ার সুযোগ পেয়েছেন। এখন আর কারো চোখ রাঙ্গানি হজম করতে হয়না জেলেদের। নিজেদের ইচ্ছেমতো সমিতির সদস্যরা মাছ ধরেন। মাছ ধরার সুযোগ পান সদস্য নন এমন জেলেরাও।
সুনামগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, কয়েক বছর আগেও মোটা অংকের অর্থ দিয়ে এসব বিল সরকাররের কাছ থেকে ইজারা নিয়ে মাস্তানদের মাধ্যমে দখলে রাখতো স্থানীয় প্রভাবশালীরা। এতে প্রকৃত মৎস্যজীবীরা মাছ ধরা থেকে বঞ্চিত হতো।
কিন্তু এখন এই প্রকল্পের আওতায় নিজেরা সংগঠিত এবং বিল ইজারা নেওয়ার সুযোগ পাওয়ায় তাদের আর বঞ্চনার শিকার হতে হচ্ছেনা। বরং তাদের হাতেই এখন বিলের নিয়ন্ত্রণ। মাছ ধরার পাশাপাশি মাছ সংরক্ষণেও জেলেরা কার্যকর ভূমিকা রাখতে পারছেন।
তবে এ প্রকল্পের মাধ্যমে প্রকৃত জেলেরা সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি জানান, সরকার প্রকৃত জেলেদের চিহ্নিত করার জন্য পরিচয়পত্র (আইডি কার্ড) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে জেলেদের চিহ্নিত এবং কার্ড দেওয়া শেষ হলে সত্যিকার জেলেরা সব ধরনের সরকারি সহায়তা পাবেন।
সিবিআরএমপি প্রকল্পের স্থানীয় তদারককারী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, সরকারের কাছ থেকে ছয় থেকে ১০ বছরের জন্য বিল ইজারা নেওয়া হচ্ছে। এর ফলে এখন এ এলাকার মানুষের দারিদ্র্য দূর হতে শুরু করেছে।
প্রকল্পটির সফল বাস্তবায়নের পর এখন সরকার এ ধরনের কার্যক্রমের আওতা আরো বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
তার মতে, পর্যায়ক্রমে সুনামগঞ্জের বাকি ৭০০ বিল এই প্রকল্পের মাধ্যমে প্রকৃত মৎসজীবীদের মাঝে ইজারা দেওয়া হলে বদলে যাবে হাওর অঞ্চলের মানুষের জীবনধারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮২৮ ঘ.
bdnews24