২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ঘিরে কাপাসিয়ায় ব্যাপক নিরাপত্তা

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় ‘নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা’ নেয়া হয়েছে। র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন থাকছে।” রোববার ভোটের দিন প্রতি কেন্দ্রে সার্বক্ষণিকভাবে ২৭ জন করে সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। এ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটিতে একজন হাকিমের নেতৃত্বে পুলিশের টহলদল ও একজন হাকিমের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত, একজন হাকিমসহ বিজিবির ৪টি ভ্রাম্যমাণ আদালত, ৪ জন হাকিমসহ স্ট্রাইকিং ফোর্স এবং দুইজন রিজার্ভ হাকিমসহ ৩২ জন হাকিম দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনী এলাকায় অবস্থান করবেন শনিবার থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত। এছাড়া ঝুকিপূর্ণ কেন্দ্রেগুলোতে ওয়েব ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। তিনি বলেন, “ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভয়-ভীতিমুক্ত হয়ে পছন্দের প্রার্থীকে স্বছন্দে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।” কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা-অনিয়মের ঘটনা ঘটলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এসব কেন্দ্রের ৪৭২টি ভোটকক্ষে ১০২ জন প্রিজাইডিং অফিসার, ৪৭২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৯৪৪ জন পোলিং অফিসারসহ মোট ১ হাজার ৫১৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এ উপ-নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন, যাদের মধ্যে পুরুষ এক লাখ ৩৯৫ জন এবং এক লাখ ১১ হাজার ৪৮৯ জন নারী। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ গত সোমবার নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে এসে বলেন, কাপাসিয়ার উপ-নির্বাচনে ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোটকেন্দ্রগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। “কাউকে কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্বে শৈথিল্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। ভোটকেন্দ্রে যাতে কোন অনিয়ম, বিশৃঙ্খলা বা বে-আইনি কাজ না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।” উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মো. কাওসার মাহমুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় চারশ র‌্যাব সদস্য মোতায়েন থাকছেন কাপাসিয়ায়। তারা দুটি সেক্টরে বিভক্ত হয়ে ৪০টি দলে কাজ করবেন। মিহির সারওয়ার মোর্শেদ জানান, উপ-নির্বাচনের সার্বিক পরিস্থিতি তদারক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) সমন্বয় সেলের কার্যক্রম তত্ত্বাবধান করবেন। শনিবার বেলা দুইটা থেকে রোববার রাত ১০টা পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ এই সেলে জানানো যাবে। এজন্য ৭১২৬৮২৩-৪ (টেলিফোন) ও ৭১৬২৭৫৩ (ফ্যাক্স)- নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনের ফলাফল ও নির্বাচনী তথ্য জানাতে কাপাসিয়া উপজেলা সম্মেলন কেন্দ্রে এবং জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে দুটি নিয়ন্ত্রণকক্ষ থাকবে। তানজিম আহমেদ সোহেল তাজের ছেড়ে যাওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তারই বড় বোন সিমিন হোসেন রিমি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার চাচা স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ খান মোরগ প্রতীক নিয়ে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুল্লাহ বাদল কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের নির্বাচনী তৎপরতার মধ্যে বড় কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষের ঘটনা না ঘটলেও সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন খান মোবাইলে তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। এর আগে তিনি রিমির সমর্থকদের বিরুদ্ধে তার নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগও তোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১২৫২ ঘ.