২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালাল হত্যা: স্ত্রী ও সৎ ছেলে রিমান্ডে

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রী এবং তার আগের স্বামীর সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 06:29 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রী এবং তার আগের স্বামীর সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জালালের প্রথম স্ত্রীর ছেলে কুতুবউদ্দিন তালুকদার রুয়েল ওই দুজনকে আসামি করে মামলাটি করেন। বৃহস্পতিবার সকালে আয়েশা বেগম ও তার প্রথম স্বামীর সন্তান মাসুদকে (৩৮) গ্রেপ্তার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসেন জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়েশা গত মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার সকালে শহরের সুসং ডিগ্রি কলেজের পাশের বাড়ি থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকালে দুর্গাপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের দুই দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বলে জানান ওসি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জালাল গত মঙ্গলবার নিজের পিস্তলের গুলিতে নিজের বাড়িতে মারা যান, যাকে ‘রহস্যজনক’ বলছে তার দল। তার ছেলে কুতুব প্রথম থেকেই এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে আসছেন। ১৯৬৭ সালে ছাত্রলীগের মাধ্যমে জালাল তালুকদারের রাজনৈতিক জীবনের শুরু। ১৯৭৯ সালে প্রথম আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রাতেই তিনি দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় দুটি পা হারান। পরে জার্মানিতে তার কৃত্রিম পা সংযোজন করা হয়। জালাল তালুকদার ১৯৮৬ ও ১৯৯৬ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বুধবার তার জানাজায় অংশ নিতে সুসং ডিগ্রি কলেজ মাঠ উপচে আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়। তার ‘হত্যাকারীদের’ ফাঁসির দাবিতে বিকেলে শহরে বিক্ষোভ মিছিলও বের হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/সিএস/০০২৬ ঘ.