ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের ভাড়া বৃদ্ধির সঙ্গে যাত্রীসেবার মানও বাড়বে বলে জনগণকে আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রেলে নতুন ভাড়ার হার কার্যকরের তিন দিন আগে বৃহস্পতিবার রেল ভবনে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ১ অক্টোবর থেকে রেলের ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাত্রীসেবার মানও বাড়বে।
মন্ত্রী জানান, ভাড়া বৃদ্ধির বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দেয়া হয়েছে, ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এবং অগ্রিম টিকিটেও সে হারে ভাড়া আদায় করা হচ্ছে।
“রেলের সমস্যাগুলো চিহ্নিত হয়ে গেছে, শিগগিরই রেলে দৃশ্যমান উন্নতি দেখা যাবে,” বলেন তিনি।
রেলের মহাপরিচালক আবু তাহের বলেন, রেলস্টেশনগুলোতে যাত্রীদের সুবিধা বাড়াতে কাজ চলছে। ট্রেনে খাবারের মানও বাড়ানো হচ্ছে।
১ অক্টোবর থেকে নতুনহারে ৩৬ পয়সা প্রতি কিলোমিটার (পূর্বে ২৪ পয়সা) ভাড়া ৪টি দূরত্বধাপে অর্থাৎ শূন্য থেকে ১০০ কিমি, ১০১ কিমি থেকে ২৫০ কিমি, ২৫১ কিমি থেকে ৪০০ কিমি এবং ৪০১ কিমি বা এর বেশি দূরত্বে এবং ১১টি শ্রেণীতে বিভক্ত করে নতুন ভাড়া কার্যকর করা হচ্ছে।
রেলওয়ের বিভিন্ন রুটে সুলভ, শোভন চেয়ার, প্রথম ও এসি শ্রেণীতে ১০% থেকে ৩০% পর্যন্ত যে রেয়াতি সুবিধা দেয়া হত, তাও এ নতুন ভাড়ায় প্রত্যাহার করা হয়েছে।
রেল ভবনে ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
ভারতের ১০০ কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় যে ১৬টি প্রকল্পের কাজ চলছে, তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুজিবুল হক।
বর্তমান সরকারের আমলেই প্রকল্পগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩৫৭ ঘ.
bdnews24