লাবলু আনসার
নিউ ইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের অবহেলার পরিবর্তে সৃজনশীল ও মেধাবী হিসাবে অবদান রাখার মতো করে গড়ে তুলতে বিশ্ব স¤প্রদায়ের আরো নজর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক রুজভেন্ট হাউসে অটিজম বিষয়ে এক বৈঠকে সম্মানীত অতিথি হিসেবে বক্তৃতায় তিনি বলেন, “বিশ্ব এখন অটিজম সমস্যার ব্যাপারে অধিকতর সচেতন হয়ে উঠলেও এ বিষয়ে বিশ্ব স¤প্রদায়ের আরো নজর দেয়া প্রয়োজন।”
প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুর জন্য যথাযথ চিকিৎসা সেবা উদ্যোগের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে বলেন, “যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এক্ষেত্রে পিছিয়ে রয়েছে এবং বাংলাদেশের মতো এলডিসিভুক্ত দেশগুলোর এ ধরনের উদ্যোগের সক্ষমতা নেই।”
অটিস্টিক শিশুদের সামাজিক ও সাংস্কৃতিক সুযোগ-সুবিধার অপ্রতূলতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রণী অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই প্রথমবারের মতো চলতি বছরের জাতিসংঘ সাধারণ পরিষদে অটিজম বিষয়ে প্রস্তাব উপস্থাপন করছে।
শেখ হাসিনা ওই প্রস্তাবের পক্ষে সবার সমর্থন চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩৩০ ঘ.
bdnews24