ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াবা ব্যবসায়ী তিন নারীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এফ এম হাবিবুর রহমান ভূইয়া তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আগামী বছরের ২ জানুয়ারি।
অভিযুক্ত তিন জন হলেন- রাজধানীর উত্তরা এলাকার আট নম্বর সেক্টরের বাসিন্দা মোসা. কুলসুম আক্তার, শ্যামলী পিসিকালচার এলাকার শ্রী ম্যানিলা চৌধুরী ওরফে ডলি ওরফে সঞ্চিতা চৌধুরী এবং তার বোন শ্রী সোফিয়া চৌধুরী ওরফে সৃষ্টি।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ম্যানিলা ও সোফিয়ার বাবা যদুনাথ সরকারও ইয়াবা ব্যবসায়ী। চট্টগ্রামের আদালতে যদুনাথের বিরুদ্ধে ইয়াবার মামলা রয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বাবা ও দুই মেয়ের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আরো ইয়াবার মামলা রয়েছে।
কুলসুমকে গত ২০মার্চ র্যাব-১ এর সদস্যরা উত্তরার ৮ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ’র একটি স্কুলের পাশের ফলের দোকানের সামনে থেকে ছয় হাজার চারশ’ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
কুলসুমের স্বীকারোক্তি অনুযায়ী পরে শ্যামলীর পিসিকালচার হাউজিং সোসাইটির ব্লক-ক এর ২৪ নম্বর বাড়ির পাঁচ তলার দক্ষিণ ইউনিটের একটি কক্ষে থাকা ম্যানিলা চৌধুরী ও সোফিয়া চৌধুরীর কাছ থেকে দুই হাজার ৭শ টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির অর্থ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে উত্তরা থানায় ওই দিনই মামলা হয়। গত ৭ মে তারিখে দেয়া হয় অভিযোগপত্র।
অভিযোগ গঠনের সময় তিনজনকেই কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
অভিযোগ পড়ে শুনানো হলে তিন জনই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২৪১ ঘ.
bdnews24