ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে আজাদ মসজিদে সাংবাদিক আতাউস সামাদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বিকালে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার সহকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এরপর বিকেলে আজিমপুর গোরস্থানে বাবার কবরে দাফন করা হবে আতাউস সামাদকে।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির জটিলতায় ভুগে বুধবার ৭৪ বছর বয়সে মারা যান এই সাংবাদিক, ’৮০ এর দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় বন্তুনিষ্ঠ সংবাদ পেতে দেশবাসী বিবিসিতে যার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকত।
পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে অ্যাপোলো হাসপাতাল থেকে আতাউস সামাদের লাশ গ্রহণ করে তার বারিধারার বাসায় নিয়ে যান। সেখানে কিছু সময় রাখার পর কফিন নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা হয়।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
গত শতকের ৫০ এর দশকে সচিত্র সন্ধানীতে কাজ শুরুর মাধ্যমে সংবাদ জগতে পা রাখা আতাউস সামাদ কর্মজীবনে বিভিন্ন সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন। সর্বশেষ দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন একুশে পদক পাওয়া এই সাংবাদিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ফজলুল হক হল ছাত্র সংসদের প্রচার সম্পাদক ছিলেন তিনি। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি সোচ্চার ছিলেন। ১৯৬৯ ও ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান ইউনিয়ন অব জার্নালিস্টের (ইপিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আতাউস সামাদ নয়াদিল্লিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেন।
১৯৮২ সালে তিনি বিবিসিতে যোগ দেন এবং টানা ১২ বছর জনপ্রিয় এই সংবাদ মাধ্যমের বাংলাদেশ সংবাদদাতা হিসাবে কাজ করেন।
বিবিসি ছাড়ার পর ‘এখন’ নামে একটি সাপ্তাহিক প্রকাশ করেন আতাউস সামাদ। একইসঙ্গে তিনি নিয়মিত কলাম লিখতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও ‘মতামত-বিশ্লেষণ’ এ লিখেছেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি আতাউস সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন।
১৯৩৭ সালের ১৬ নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন আতাউস সামাদ, তবে তার বাবার বাড়ি কিশোরগঞ্জে।
আতাউস সামাদের স্ত্রী কামরুন নাহার তথ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪৫০ ঘ.
bdnews24