ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানি নিয়ে ঢাকার বৈঠকে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়ায় স্বাক্ষরের আগে আরো আলোচনা করতে ২ অক্টোবর মালয়শিয়া যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল খসড়ার বিষয়টি চূড়ান্ত করে দেশে ফিরবেন।
এই প্রতিনিধি দলে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু হেনা মোস্তফা কামালও থাকছেন। বর্তমানে তিনি জনশক্তি প্রেরণকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।
বিএমইটির মহাপরিচালক জানান, তারা মালয়শিয়ায় যৌথ-কার্যকরি গ্রুপের (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) সঙ্গে বসে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করবেন। এরপর দুই দেশের সম্মতিতে এমওইউ স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ বর্তমানে কতজন কর্মী মালয়শিয়ায় পাঠানোর জন্য প্রস্তুত, এর মধ্যে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী সংখ্যা কত, কোন পেশার কতজন কর্মী রয়েছেন, কোন পদ্ধতিতে বাংলাদেশ তাদের পাঠাবে- এসব খুঁটিনাটি বিষয় নিয়ে মালয়শিয়ায় আলোচনা করবে দুই দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে মালয়শিয়ায় জনশক্তি নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে এবং এর স্বচ্ছ পদ্ধতি সরেজমিনে দেখতে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করেন মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী এম সুব্রামানিয়ম। দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং চাকরিদাতাদের প্রতিনিধিরাও এ সফরে তার সঙ্গে ছিলেন।
সফরকালে মালয়শিয়ার মন্ত্রী বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে জনশক্তি নেয়ার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশকে তালিকাভুক্ত সোর্সিং কান্ট্রি (উৎস দেশ) হিসাবে মালয়শিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ দেওয়ারও আশ্বাস দেন তিনি।
ওই সময় খন্দকার মোশাররফ বলেন, কর্মী বাছাই, নিয়োগ পদ্ধতি এবং জনশক্তি পাঠানোর কার্যক্রম তদারকি করতে দুই দেশের যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ-কমিটি করা হয়েছে। এই কমিটিই স্বচ্ছ প্রক্রিয়ায় পুরো জনশক্তি পাঠানোর কার্যক্রম তদারক করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০৯৪০ ঘ.
bdnews24