বগুড়া, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘পারিবারিক বিরোধের জেরে’ প্রতিপক্ষ বগুড়ার সোনাতলা উপজেলায় পাঁচ বছরের এক শিশুর পা কেটে নিয়েছে।
বুধবার ভোরে পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আফসানা জিনিয়াকে বাড়ির পাশের একটি আদা ক্ষেত থেকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রতিবেশী জমশের নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
জিনিয়া রাধাকান্তপুর গ্রামের জিহাদুল ইসলামের একমাত্র মেয়ে। জিহাদুল সাভারের একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করেন।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী জমশেরকে গ্রেপ্তার করেছে। জমশের প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তার ছেলেন সঙ্গে কয়েকদিন আগে ওই পরিবারের মারামারির ঘটনা হয়। এই কারণেই তিনি জিনিয়ার পা কেটে নিয়েছেন।”
এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
জিনিয়ার মা শান্ত্বনা বেগম জানান, রাতে গরমের কারণে ঘরের দরজা খোলা রেখেই পরিবারের লোকজন ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে উজ্জ্বল নামের এক জেলে জিনিয়াকে পা কাটা অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
উজ্জ্বল সাংবাদিকদের বলেন, ভোর ৫টায় মাছ ধরতে যাওয়ার পথে আদার ক্ষেত থেকে শিশুটির গোঙানি শুনতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
শিশুটির পা গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। গোড়ালিটিও ক্ষেতের পাশে জলাশয়ে পাওয়া গেছে বলে জানান উজ্জ্বল।
হাসপাতালে জিনিয়া সাংবাদিকদের জানান, সে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে চোখে মেলে দেখে একজন লোক কালো কাপড়ে মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যাচ্ছে। পরে একটি জমির পাশে পানির মধ্যে চেপে ধরে পা কেটে ফেলে চলে যায়। জিনিয়া তাকে চেনে না বলে জানায়।
জিনিয়ার চাচাতো ভাই জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, কী কারণে এই ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না। তবে প্রতিবেশী জমশেরের সঙ্গে কয়েকদিন আগে জিনিয়ার পরিবারের বিরোধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩০ ঘ.
bdnews24