লালমনিরহাট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে।
জুয়েল হোসেন (৩০) নামের ওই যুবক পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহমান বাবলুর ছেলে।
এ ব্যাপারে বুধবার কিশামত নিজ্জমা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও তাকে ফেরত দেওয়া হয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীরামপুর কোম্পানি কমান্ডার আবুল বাসার বলেন, ভারতীয় ৩৫ রতনপুর বিএসএফ ক্যাম্পের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কিশামত নিজ্জমা গ্রামে ঢুকে গরু ব্যবসায়ী জুয়েলকে ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
পরে একটি পতাকা বৈঠক হয়েছে। এতে বিজিবির পক্ষে নের্তৃত্ব দেন বুড়িমারী কোম্পানি কমান্ডার আল হেলাল ও ৩৫ রতনপুর বিএসএফের কোম্পানি কমান্ডার ইয়াজদি সিং।
লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল খান মোহাম্মদ সালেহউদ্দিন বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশি যুবককে ফেরত চাওয়া হয়েছে এবং বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.
bdnews24