সাভার, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মিত একটি বিদ্যালয় ভবন পরিদর্শনে বুধবার সকালে সাভার গেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই ভবনটি নির্মাণে তত্ত্বাবধান করছে যুক্তরাষ্ট্রের একদল সেনাসদস্য। তাদের সহায়তা দিচ্ছে বাংলাদেশের সেনাসদস্যরা।
পরিদর্শনকালে মজিনা নির্মীয়মাণ বিদ্যালয় ভবনে একটি ইট গেঁথে দিয়ে বলেন, “সোনার বাংলাদেশ গড়ায় আমিও অংশ নিলাম।”
তিনি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তারাই এ দেশ গড়ায় অংশগ্রহণ করবে।
হযরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্র সবার প্রত্যাখান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সকাল ১০টার দিকে বিদ্যালয় পরিদর্শনে পলাশবাড়ী এসে পৌঁছলে তাকে স্বাগত জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর মেরিন কোরের সদস্যরা।
পরে তিনি বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।
তিনি তাদের বলেন, আপনারাই সোনার বাংলাদেশ ও আগামী প্রজন্ম গড়ে তুলছেন, আগামীদিনের এশিয়ান টাইগার বানাচ্ছেন। বাংলাদেশ সশস্ত্র বাহীনির বন্ধুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মার্কিন সেনারা স্কুলটির উন্নয়ন কাজ করছে।
“এতে সম্পৃক্ত হতে পেরে আমেরিকান সরকারও কৃতজ্ঞ,” বলেন মজিনা।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদুল হক, ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ।
এরপর তিনি স্কুলের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে তাদের শ্রেণিকক্ষে গিয়ে আলাপ করেন। তিনি স্কুলের সার্বিক কাজের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য বিভাগের কর্মকর্তা এসএম মোবাশ্বের বলেন, পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার কাজ শুরু হয় গত ১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্কুলটির নির্মাণ কাজে অংশগ্রহণ ও দেখভাল করছেন।
আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয়ের দোতলার নির্মাণ কাজ সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের ৩২ জন এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কোরের ৩২ জন সদস্য এতে অংশ নিচ্ছেন। প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। অন্যান্য কাজে ব্যয় হয় আরো ৭৫ হাজার ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৪ ঘ.
bdnews24