লাবলু আনসার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নিউ ইর্য়ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক কমিটির চেয়ারম্যান পিটার কিং।
এই কংগ্রেস সদস্য মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের জানিয়েছেন।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে পিটার কিং বলেছেন, এই অঞ্চল এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ঢাকার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা বৈঠকে পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করে দেশকে অভিশাপ থেকে মুক্ত করেছে।
সরকারের এই পদক্ষেপে দেশের জনগণের পূর্ণ সহযোগিতাও পাওয়া যাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাশেদ চৌধুরীর প্রত্যার্পণের বিষয়ে তার পক্ষ থেকে সচেষ্ট হওয়ার প্রতিশ্রুতিও দেন এই কংগ্রেস সদস্য।
বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ফিরে আসাকে বাংলাদেশের জন্য সুসংবাদ হিসেবে অভিহিত করেন তিনি।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের কোটা ও শুল্কমুক্ত প্রবেশের দাবি তুলে বলেন, এই সুবিধা পেলে বাংলাদেশের অধিকতর আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে।
স¤প্রতি যুক্তরাষ্ট্রে দুজন বাংলাদেশি হত্যার ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার আশা করে।
পিটার কিংও বলেন, তিনি এই বিষয়টি দেখবেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, যুুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপও ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসী ইসা আল-আইয়াত, সেনেগালের প্রেসিডেন্ট মাকি সাল ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ ওয়াহেদ হাসান মানিকের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার মহাসচিব বান কি মুনের দেয়া মধ্যাহ্ন ভোজসভায়ও যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/২১০৫ ঘ.
bdnews24