২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক এএসআইকে ফেরত দিয়েছে বিএসএফ

কুমিল্লার বুড়িচং উপজেলা সীমান্ত থেকে আটক পুলিশের সহকারীর উপ-পরিদর্শক (এএসআই) নুরুন্নবীকে ফেরত দিয়েছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলা সীমান্ত থেকে আটক পুলিশের সহকারীর উপ-পরিদর্শক (এএসআই) নুরুন্নবীকে ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার বিকাল সাড়ে ৪টায় কুমিল্লার বিবিরবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে তাকে হস্তান্তর করা হয়। ৩৩ ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪ টায় ভারতীয় সীমান্ত বাহিনী-বিএসএফ এর ৭৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস এস মূর্তী এএসআই নুরুন্নবীকে বিজিবি কাছে হস্তান্তর করেন। তাকে গ্রহণ করেন বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকতারুজ্জামান (বীর প্রতীক)। পরে নুরুন্নবীকে বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহনেওয়াজের কাছে হস্তান্তর করা হয়, বলেন মেজর সাব্বির। এএসআই নুরুন্নবী মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মাদক পাচারকারীদের ধাওয়া করে ভারতীয় জিরোপয়েন্ট এলাকায় ঢুকে যান। এ সময় ভারতীয় লোকজন তাকে ঘিলাতলি সীমান্ত এলাকায় আটক করে এবং মারধর দিয়ে বিএসএফ এর কাছে দেয়। নুরুন্নবীকে হস্তান্তরের সময় ব্যাটালিয়নের কর্মকর্তা ক্যাপ্টেন রাইসুল ইসলাম, শংকুচাইল বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার চাঁন খান উপস্থিত ছিলেন বলে জানান মেজর সাব্বির। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ফোনে আলোচনার পর নুরুন্নবীকে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৫ ঘ.