ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব জুরাইনের বাসা থেকে ইসরাত জাহান ইমার (১৬) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ইমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।
তার মামা রুমেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পড়াশুনা শেষে নিজ কক্ষে ইমা ঘুমিয়ে পড়ে। সকালে মা স্বর্ণা বেগম মেয়ের কক্ষে গিয়ে দেখেন যে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইমার মৃতদেহ ঝুলছে।
এ সময় স্বর্ণা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানা পুলিশে খবর দেন।
মেয়ের আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।
রুমেল আরো জানান, ইমা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ছিল। দুই বোনের মধ্যে সে ছিল বড় । বাবা ইমান আলী সৌদি আরব প্রবাসী। ইমার বাবাকে খবর পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, স্বজনরা তার আত্মহত্যার কারণ বলতে পারেনি। তবে ইমা খুব রাগী ছিল বলে তার স্বজনরা জানিয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০১৭ ঘ.
bdnews24