২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে এই সম্মেলন শুরু হয়। ২৯ সেপ্টেম্বর জেআরডি (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। এর আগে সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক ইউ কে বানসালের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা এসে পৌঁছান। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের নেতৃত্বে ২৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির উপ-মহাপরিচালক, পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদরদপ্তরের স্টাফ অফিসারবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই, সার্ভে অব বাংলাদেশ, যৌথ নদী কমিশন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। সম্মেলন শুরুর আগে সকাল ৯টায় বিএসএফ মহাপরিচালক পিলখানায় পৌঁছে বিজিবি স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরবে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে- সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করা, হত্যা করা, আহত করা, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম বা বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণ ইস্যু। এছাড়া সীমান্তের ওপাড় থেকে ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয়/ মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান বন্ধ, সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে যেকোনো ধরনের সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামত কাজ বাধাহীনভাবে সম্পন্ন করা, দুষ্কৃতকারী, সন্ত্রাসীদের আশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/এএল/১৭৩০ ঘ.