ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক আতাউস সামাদের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে তার বাম পা কেটে ফেলা হয়।
বুধবার রাত সাড়ে পৌনে ৯টার দিকে আতাউস সামাদের ভাগ্নে অ্যাডভোকেট আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওনার অবস্থা সঙ্কটাপন্ন হলেও বেঁচে আছেন।”
গত রোববার অবস্থার অবনতি হলে এই প্রবীণ সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে থাকা আমার দেশ পত্রিকার সাংবাদিক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোস্ট অপারেটিভ কক্ষে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আতাউস সামাদের অবস্থা ক্রিটিক্যাল। এখনো কিছু বলার সময় আসেনি।”
বুধবারও আতাউস সামাদকে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আতাউস সামাদ বর্তমানে আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক। তিনি দীর্ঘ সময় বিবিসি’র বাংলাদেশ সংবাদদাতা ছিলেন। বেসরকারি টেলিভিশন এনটিভি’র প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করেছেন আতাউস সামাদ। এ ছাড়া দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন।
এদিকে আতাউস সামাদের পরিবারের সদস্য সাংবাদিক সমাজ ও দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য সাংবাদিক আতাউস সামাদের আরোগ্য কামনা করে বুধবার বিকালে প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবে কোষাধ্যক্ষ বদিউল আলম, সিনিয়র সহসভাপতি কাজী রওনক হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খানসহ সাংবাদিক ও প্রেসক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭১৩ ঘ.
bdnews24