২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে পরীক্ষা নিয়ন্ত্রক ও ছাত্র পরিচালক বদল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসাইনকে নতুন ছাত্র কল্যাণ পরিচালক এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবুল কাশেম মিয়াকে পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে। উপাচার্য এসএম নজরুল ইসলাম মঙ্গলবার এই পরিবর্তন এনেছেন বলে রেজিস্ট্রার আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এর আগে অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যাপক নজরুল ইসলাম ছাত্র কল্যাণ পরিচালকের দায়িত্বে ছিলেন। তারা দুুজনই অতিরিক্ত দায়িত্ব হিসাবে ওই দুটি পদে ছিলেন বলে আবু সিদ্দিক জানান। কী কারণে এই পরিবর্তন- তা জানতে চাইলে রেজিস্ট্রার আবু সিদ্দিক বলেন, “উপাচার্য তার একক ক্ষমতা বলে এমনটা করতে পারেন।” কয়েকটি অনিয়মের অভিযোগে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা দুই মাস অচলাবস্থার পর গত ১৫ সেপ্টেম্বর বুয়েটে পুনরায় ক্লাস শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে সরিয়ে দেয়া হয় উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে। ধীরে ধীরে বিভিন্ন প্রশাসনিক পদে আরো রদবদল আনা হবে বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। বুয়েটের পরিবর্তিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৯ অক্টোবর পর্যন্ত ক্লাস হবে। ২০ অক্টোবর থেকে ২ নভেম্বর দূর্গাপূজা ও ঈদ-উল-আযহা এবং ৩ থেকে ১৬ নভেম্বর দুই সপ্তাহের পরীক্ষা প্রস্তুতিকালীন ছুটি থাকবে। ১৭ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩৪৮ ঘ.