২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু

হাওয়ই দ্বীপপুঞ্জে বুধবার শুরু হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ, যাতে আগামী চার বছরের প্রশিক্ষণ ও অনুশীলনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

শেখ শাহরিয়ার জামান ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাওয়ই দ্বীপপুঞ্জে বুধবার শুরু হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ, যাতে আগামী চার বছরের প্রশিক্ষণ ও অনুশীলনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের আর্মি ন্যাশনাল গার্ডের উপ অধিনায়ক মেজর জেনারেল জোসেফ জে শাভেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্যোগ পরবর্তী ত্রাণ কর্মসূচি ও মানবিক সহায়তা নিয়ে আগামী দিনের প্রশিক্ষণ পরিকল্পনা এগিয়ে নিতেই দুদিনব্যাপী এই বৈঠক শুরু হচ্ছে।” এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস ও সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত ‘ডিজাসটার রেসপন্স: এক্সারসাইজ এন্ড এক্সচেঞ্জ’ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন এই মার্কিন জেনারেল। তিনি বলেন “আগামী কয়েক বছরে আমরা বাংলাদেশে দুর্যোগ সহনশীলতা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা ভাবছি।” এই মার্কিন জেনারেল বলেন, ডিজাসটার রেসপন্স: এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ নিয়ে গত বছর শুধু আলোচনা হয়েছে। কিন্তু ভূমিকম্পের মতো দুর্যোগ কীভাবে সামলাতে হয় তা নিয়ে এবার বাস্তব এক্সারসাইজ শুরু হচ্ছে। শাভেস বলেন, আঞ্চলিক অন্য অংশীদারদের অংশগ্রহণে একে যাতে বহুজাতিক অনুশীলনের রূপ দেয়া যায়, সে বিষয়েও আলোচনা চলছে। “যতো বেশি দেশ এক্সারসাইজে অংশ নেবে দুর্যোগে সাড়ার জন্য ততো ভালো প্রস্তুতি নেয়া যাবে।” শান্তিরক্ষা যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই সামরিক কর্মকর্তা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের শান্তিরক্ষীরা যে শিক্ষা পেয়েছে তা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীও অর্জন করতে চায়। এ কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ওয়াশিংটনও যোগ দিতে পারে। তিনি বলেন, “ইরাক ও আফগানিস্তানে আমরা যুদ্ধে লিপ্ত থাকায় দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্র শান্তিরক্ষা মিশনে অংশ নিতে পারেনি।” “সেনাবাহিনী যেসব কাজ করে সেগুলোর জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত হতে হবে। আমাদের যুদ্ধ করার সামর্থ্য থাকতে হবে, দুর্যোগ ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে এবং আগামীতে যুক্তরাষ্ট্র শান্তিরক্ষা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবে।” পারস্পারিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, আগামীতে তারা কর্মসূচি ও কৌশলগত অনুশীলন চালিয়ে যাবেন। অনুশীলন শাভেস বলেন, বাংলাদেশের অবশ্যই দুর্যোগে সাড়া দেয়ার সামর্থ্য অর্জন করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দুর্যোগের আগেই তা মোকাবিলার অনুশীলন করতে হবে। “আপনি প্রস্তুত হলে ভালোভাবে দুর্যোগ মোকাবেল করতে পারবেন এবং সে কারণেই যতোবার সম্ভব হয় আমরা ডিআরইই-এর এক্সারসাইজ করি।” তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে যথাযথ সাড়া দেয়ার বিষয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুনাম রয়েছে এবং তারা যাতে আরো ভালোভাবে তা করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র অভিজ্ঞতা বিনিময় করতে চায়। “এটা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি সমন্বিত প্রক্রিয়া।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/১৩৩৫ ঘ.