ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট ভাই সাঈদ এস্কান্দারকে শেষবারের মতো দেখতে এসে তার কফিনের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সাবেক সাংসদ সাঈদের মরদেহ নিউইয়র্ক থেকে দেশে পৌঁছায়। সেখান থেকে সকাল ১০টার দিকে কফিন নিয়ে যাওয়া হয় তার বারিধারার বাসায়।
এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের নিয়ে ছোট ভাইয়ের বাসায় ছুটে আসেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ভাইয়ের কফিনের পাশে বোনের কান্নায় শোকে ভারি হয়ে ওঠে পরিবেশ।
সাঈদের স্ত্রী নাসরিন এস্কান্দার, তাদের দুই ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার ও মেয়ে সুমাইয়া এস্কান্দারসহ আত্মীয় স্বজনরাও এ সময় কান্নায় ভেঙে পড়েন।
খালেদা জিয়া এ সময় ভাইয়ের শোকাগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, মোসাদ্দেক আলী ফালু, অধ্যাপক এম এ মান্নান, সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ ফেনী ও নোয়াখালীর দলীয় সাংসদরা এ সময় উপস্থিত ছিলেন।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সাঈদ গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তিনি ফেনী জেলা বিএনপির সভাপতি ও দলের একজন উপদেষ্টা ছিলেন।
সোমবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার এই বিএনপি নেতার প্রথম জানাজা হয়। দেশে তার প্রথম জানাজা হবে বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
এরপর কফিন নেয়া হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দলের নেতা-কর্মীরা তাদের প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
বিকালে গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজার পর বনানীর সামরিক কবরস্থানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাঈদ এস্কান্দারকে দাফন করা হবে।
তার মৃত্যুতে মঙ্গলবার দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে শোক পালন করে বিএনপি। এর অংশ হিসাবে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৯৪৫ ঘ.
bdnews24