২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর প্রলোভন ‘গিলে’ জেলে

বন্ধুর প্রলোভনে অস্ত্র মামলায় আসামি সেজে আদালতকে ধোঁকা দিতে গিয়ে ধরা পড়ে এখন কারাগারে থাকতে হচ্ছে নেছার উদ্দিনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুর প্রলোভনে অস্ত্র মামলায় আসামি সেজে আদালতকে ধোঁকা দিতে গিয়ে ধরা পড়ে এখন কারাগারে থাকতে হচ্ছে নেছার উদ্দিনকে। অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত ঢাকার দোহারের ইমারত হোসেন সেজে সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করেছিলেন পটুয়াখালীর নেছার। তখন বিচারক হাসান মো. ফিরোজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেয়া হলে কারা কর্তৃপক্ষ জানতে পারেন, আত্মসমর্পণকারী ব্যক্তি ইমারত নন, তিনি নেছার। এরপর মঙ্গলবার কারা কর্তৃপক্ষ বিষয়টি আদালতকে জানালে বিষয়টি খতিয়ে দেখে নেছারের পরিচয় পাওয়া যায়। নেছার পটুয়াখালীর গলাচিপা উপজেলার মৌজে আলী মুন্সির ছেলে। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর গোলজার হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জজ কোর্টের মোহরার আশিক তার বন্ধু। আশিকই ৬০ হাজার টাকার বিনিময়ে নেছারকে এই মামলায় আত্মসমর্পণ করতে বলেন। আর সেই প্রলোভনে পা দেয় নেছার।” ভুয়া আসামিকে হাজির করানোয় বিচারক আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম খানকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেন। একই সঙ্গে বিচারক দোহার থানার ওসিকে বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। ২০০১ সালের ২৯ মে দোহার থানায় করা অস্ত্র মামলায় ইমারত হোসেনের ১৭ বছর সাজা হয়। তবে তিনি পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৫৫ ঘ.