ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় এক চিকিৎসকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে শহরের মোড়াইল এলাকার মডেল জেনারেল হাসপাতালে সাংবাদিকদের মারধর করার পর ওই হাসপাতালটির মালিক চিকিৎসক মো. ফরিদ উদ্দিনসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আখাউড়া থেকে ভৈরব ফেরার পথে প্রথম আলোর ভৈরব প্রতিনিধি মো. সুমন মোল্লা ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ডা. ফরিদ উদ্দিনের এক আত্মীয়ের মোটর সাইকেল ধাক্কা খায়। এতে মোটর সাইকেল আরোহী আহত হন।
আহত আরোহীর কথামতো সাংবাদিক সুমন মোল্লা তাকে শহরের মডেল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনও ওই হাসপাতালে যান।
আরোহীকে হাসপাতালে ভর্তির পর পরই হাসপাতালের গেট বন্ধ করে হাসপাতালের স্টাফরা সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানায় অভিযোগ দায়ের করতে সাংবাদিকদের বলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24