সাভার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত ঘটনায় থানায় হাজির হওয়ার জন্য মৃত ব্যক্তির নামে নোটিশ পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার থানার নোটিশ পায় পৌরসভার গেণ্ডা মহল্লার বাসিন্দা প্রয়াত খলিলুর রহমানের পরিবার। খলিল গত ৮ জুলাই মারা যান।
খলিলুরের স্ত্রী সামেলা খাতুন (৬২) বলেন, “ভাল মানুষের নামে থানা পুলিশ নোটিশ পাঠায় হুনছি, কিন্তু মরা মাইনষের নামেও নোটিশ পাঠায় মরার আগে তাও দেখলাম।”
খলিলুরকে একটি জমি সংক্রান্ত ঘটনায় ২৭ সেপ্টেম্বর থানায় হাজির হতে নোটিশ পাঠিয়েছে বলে জানান সামেলা।
নোটিশ প্রদানকারী সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গেণ্ডা এলাকার একটি জমি নিয়ে রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা আনিছুর রহমান টুটুল বাদী হয়ে আদালতে খলিলুর রহমানের নামে একটি মামলা করেন।
“সেই মামলাটি থানায় তদন্তের জন্য আসে। জিজ্ঞাসাবাদের জন্য খলিলুরকে থানায় হাজির হতে নোটিশ দেয়া হয়েছিল।”
তিনি বলেন, খলিলুর মৃত তা জানা ছিল না। মৃতের স্বজনদের ‘ডেথ সার্টিফিকেট’ দেয়ার জন্য বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24