২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিএনপিকর্মী খুন, আ. লীগকর্মীর নামে মামলা

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আওয়ামী লীগের কর্মীদের হামলায় এক বিএনপিকর্মী নিহত হয়েছেন বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আওয়ামী লীগের কর্মীদের হামলায় এক বিএনপিকর্মী নিহত হয়েছেন বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে। সোমবার সকালে বাগোয়ান বাজারে এ হত্যাকাণ্ডের পর নিহতের বাবা আট আওয়ামী লীগকর্মীর নামে হত্যা মামলা করেছেন। নিহত শরিফুল ইসলাম (২৬) বাগোয়ান ইউনিয়নের মাঝপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন। এছাড়া মাঝপাড়া ওয়ার্ড বিএনপি’র কর্মী ছিলেন বলে দলের নেতারা জানিয়েছেন। রমজান আলী (৫৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরিফুল সকালে বাগোয়ান বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। তখন রাজনৈতিক বিতর্কে জড়িয়ে আওয়ামী লীগের এক কর্মীকে তিনি চড় মারেন। “পরে স্থানীয় আওয়ামী লীগের কর্মী আসলামের নেতৃত্বে বাবু, মতিন, গ্যাদাসহ ৫/৬ জন ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরে আঘাত করলে শরিফুল ঘটনাস্থলেই মারা যায়,” বলেন নিহতের বাবা। মুজিবনগর থানার ওসি সুভাষ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখসহ ৮/১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে দেয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানান ওসি। মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত শরিফুল ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। ইউপি নির্বাচনের পর থেকেই গ্রামটিতে রাজনৈতিক বিরোধ দেখা দেয়। এরই জের ধরে আওয়ামী লীগ কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৫ ঘ.