২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ‘চরমপন্থী’ গ্রেপ্তার

একটি হত্যাসহ চারটি মামলায় ৫০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ‘চরমপন্থী সদস্য’ আলী মর্তুজাকে ঝিনাইদহ থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যাসহ চারটি মামলায় ৫০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ‘চরমপন্থী সদস্য’ আলী মর্তুজাকে ঝিনাইদহ থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ থানা পুলিশের দাবি, মর্তুজা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য। সোমবার ভোরে সদর উপজেলার ডহরপুকুর গ্রাম থেকে মর্তুজাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের আহম্মদ আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, একটি হত্যা মামলায় ২০০৪ সালে মর্তুজার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এছাড়া অন্য তিনটি মামলা মিলিয়ে তাকে মোট ৫০ বছরের দণ্ড দেয় আদালত। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে এসব মামলার রায় হয় জানিয়ে ওসি বলেন, যাবজ্জীবন দণ্ড হওয়ার পর মর্তুজা পালিয়ে ভারতে চলে যান। “সাত বছর পর সম্প্রতি ভারত থেকে দেশে ফেরেন তিনি। এই খবর পেয়ে ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।” এ সময় তার কাছ থেকে একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১২১০ ঘ.