ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ধরা পড়া ইলিশের একটি অংশ ‘সরকারের অগোচরে’ পাচার হয়ে যাওয়ার কথা স্বীকার করলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত।
সোমবার সকালে ঢাকায় মৎস্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “প্রচুর ইলিশ সরকারের অগোচরে পাচার হয়ে যাচ্ছে। এ কারণে দেশের বিভিন্ন নদ-নদীতে ইলিশ ও জাটকার উৎপাদন বাড়লেও তা সরকারের হিসাবে আসছে না।”
প্রধান প্রজনন মৌসুমে দেশের বিভিন্ন এলাকার প্রায় সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় ইলিশ ও জাটকা ধরা নিষিদ্ধ করে ‘মা ইলিশ রক্ষা কার্যক্রম’ শুরু উপলক্ষে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
সচিব বলেন, গত ২০১০-১১ অর্থবছরে দেশের জলাশয় থেকে তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। ২০১১-১২ অর্থবছরেও ইলিশ ধরার পরিমাণ ছিল প্রায় তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন। অথচ সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে দেশে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে। নদ-নদী ছাড়া হাওরেও এখন ইলিশ ও জাটকা পাওয়া যাচ্ছে।
তিনি দাবি করেন, উৎপাদনের পরিমাণ বাড়লেও সরকারের অগোচরে পাচারের কারণে দেশে ইলিশ ধরার তথ্য ঠিকভাবে আসছে না। তাই কাগজপত্রে ইলিশ ধরার হিসাব কম এসেছে। প্রকৃতপক্ষে আরো অনেক বেশি ইলিশ ধরা পড়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইলিশের উৎপাদন বাড়াতে দেশের সতেরটি জেলার বিভিন্ন উপজেলায় আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
এই ১৭ জেলা হলো- ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বরগুনা ও বাগেরহাট।
এ সময় ইলিশ রক্ষা ও উন্নয়নের মাধ্যমে ‘মা ইলিশ রক্ষা কর্মসূচি’ বাস্তবায়নে এসব জেলাসহ সারা দেশে ইলিশ মাছ ধরা, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে।
এই ১১ দিন ইলিশ মাছের প্রজণনস্থলে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। বিমান বাহিনীর বিশেষ দলও এ সময় এসব এলাকায় আকাশপথে টহল দেবে।
পূর্ণিমার রাতসহ (৩০ সেপ্টেম্বর) আগের ও পরের রাতে নদীর মোহনা ও খাড়িগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এই তিনদিন ও রাতে ইলিশ মাছ নদীর মোহনায় ডিম পাড়ে।
উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, গত অর্থবছরে প্রায় ছয় হাজার ১৭৩ মেট্রিক টন ইলিশ বিদেশে রপ্তানি হয়েছে। এতে প্রায় ২৯৪ কোটি টাকা আয় হয়েছে। আগের অর্থবছরে আট হাজার ৫৩৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে প্রায় ৩৫৩ কোটি টাকা আয় হয়েছিল।
কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কারেন্ট ব্যবহারের ফলে যে পরিমাণ জাটকা নিধন হয়, তা বন্ধ হলে দেশে ইলিশের উৎপাদন ও ধরা পড়ার পরিমান দুই থেকে আড়াই লাখ মেট্রিক টন বাড়বে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুন এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান পিউস কস্তা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৩০৬ ঘ.
bdnews24