২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প পথে পারাপার শুরু মাওয়ায়

সরু চ্যানেলে ফেরি আটকে ১০ ঘণ্টা পারাপার বন্ধ থাকার পর সকাল থেকে বিকল্প পথে চলাচল শুরু হয়েছে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 03:12 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

মুন্সীগঞ্জ/মাদারীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরু চ্যানেলে একটি ফেরি আটকে ১০ ঘণ্টা পারাপার বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বিকল্প পথে চলাচল শুরু হয়েছে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে। বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, কবুতর খোলা চ্যানেল সরু হয়ে যাওয়ায় রোববার সন্ধ্যায় ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে রো রো ফেরিগুলো চলতে থাকে। রাত সাড়ে ৯টার দিকে রো রো ফেরি শাহ মখদুম ২৫টি গাড়ি নিয়ে ওই চ্যানেলে আটকা পড়লে ফেরি পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়। কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহ নেওয়াজ চৌধুরী জানান, সারা রাত পারাপার বন্ধ থাকার পর পুরনো লৌহজং-নাওডোবা-হাজরা চ্যানেল দিয়ে সকাল সাড়ে ৭টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়। এই চ্যানেল দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হয় বলে এক ঘাট থেকে আরেক ঘাটে পৌঁছাতে বেশি সময় লাগছে বলে জানান তিনি। দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের এই পথে গাড়ি পারাপারে ১২টি ফেরি চলাচল করে। সারারাত পারাপার বন্ধ থাকায় নদীর দুই ঘাটে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় দূরপাল্লার যাত্রীদের। এছাড়া কবুতর খোলা চ্যানেলে আটকে পড়া ফেরি শাহ মখদুমকে ভোর ৪টার দিকে আরেকটি জাহাজের সাহায্যে উদ্ধার করা হয়। সকালে সেটি মাওয়া ঘাটে পৌঁছায় বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান। মাওয়ার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চ্যানেলে ফেরি চলাচলের জন্য সাড়ে ৬ ফুট গভীরতা প্রয়োজন হলেও কবুতর খোলা-কাউলিয়া চ্যানেলে রয়েছে ৬ ফুট। তাছাড়া প্রায় এক কিলোমিটার এলাকায় চ্যানেল পলি জমে সরু হয়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।” বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানান, ডাম্প বা টানা ফেরি চলাচলে ১২০ ফুট প্রশস্ত চ্যানেল প্রয়োজন হলেও কবুতর খোলায় কোথাও কোথাও তা ৩০/৪০ ফুট-এ নেমে এসেছে। নাওডোবা, হাজরা, কবুতর খোলা, কাউলয়ার চরসহ চ্যানেলের কায়েকটি অংশে তীব্র ¯্রােতের কারণে ড্রেজিং করতেও সমস্যা হচ্ছে বলে জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯০২ ঘ.