নোয়াখালী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খালেদ সাইফুল্লাহ রাহাতকে গ্রেপ্তারের জেরে শহরে ব্যাপক ভাংচুর করেছে তার অনুসারীরা।
রোববার সন্ধ্যায় তার অনুসারীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে অন্তত ২৫টি গাড়ি ভাংচুর করে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
শনিবার রাতে শহীদ ভুলু স্টেডিয়াম থেকে আট মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। রাহাত মাইজদীর খন্দকার পাড়ার বাসিন্দা।
তিনি যুবলীগের কর্মী হিসাবে পরিচিত হলেও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ রাহাতকে নিজেদের কর্মী বলে স্বীকার করেনি।
সুধারাম থানার ওসি মীর জাহিদুল রহমান রণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলায় দুই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে শনিবার রাতে পুলিশ রাহাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
“তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। রোববার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।”
রোববার সন্ধ্যা ৭টা থেকে রাহাতের অর্ধশতাধিক অনুসারী জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিআরটিসির একটি এসি বাসসহ অন্তত ২৫টি বাস ভাংচুর করে।
এ সময় পাঁচজনকে আটক করা হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচপি/২২৪৩ ঘ.
bdnews24