ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ইনকামিং কলের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত জমা দিতে বলেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার মো. আব্দুস কুদ্দুসের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তদন্ত কমিটিকে ওই কারণ অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে। পাশাপাশি কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ এসেছে।’
এর আগে গত ডিসেম্বরে অবৈধ ভিওআইপি রোধ এবং আন্তর্জাতিক ইনকামিং কল হ্রাস বিষয়ে অনুসন্ধানে একটি কমিটি গঠন করে সরকার। প্রায় তিন মাস তদন্তের পর ফেব্র“য়ারিতে ১৩টি সুপারিশসহ ‘অপূর্ণাঙ্গ’ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয় এই অনুসন্ধান কমিটি।
রোববারের বৈঠকে কমিটির নতুন সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, মো. নজরুল ইসলাম বাবু ও মোয়াজ্জেম হোসেন রতন অংশ নেন।
এছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব (বিটিআরসি চেয়ারম্যান) সুনীল কান্তি বোস, বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহ্মেদসহ মন্ত্রণালয়, বিটিআরসি, বিএসসিসিএল এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯৫৮ ঘ.
bdnews24