চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ৪১ তম আসর বসছে চট্টগ্রামে।
শনিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
শুক্রবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও ৪১ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
প্রতিযোগিতায় দেশের সাতটি বিভাগের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা বকুল, পদ্ম, গোলাপ, চাঁপা এই চারটি ফুলের নামে চারটি অঞ্চলে বিভক্ত হয়ে অংশ নেবে।
স্বাগতিক চট্টগ্রাম ও সিলেট বিভাগ খেলবে বকুল অঞ্চলের হয়ে, ঢাকা বিভাগ খেলবে পদ্ম অঞ্চল, খুলনা ও বরিশাল বিভাগ খেলবে গোলাপ ও রাজশাহী ও রংপুর বিভাগ খেলবে চাঁপা অঞ্চলের হয়ে।
আসরে ফুটবল (ছেলে-মেয়ে), হ্যান্ডবল (ছেলে- মেয়ে), কাবাডি (ছেলে-মেয়ে) এবং সাঁতারসহ ১১টি ইভেন্টে প্রতিযোগিতা হবে।
প্রতিযোগিতায় মোট ৪২৪ জন অংশ নেবে, যার মধ্যে ১৬০ জন ছাত্রী।
স্বাগতিক বকুল অঞ্চলের হয়ে ফুটবল ছেলেদের বিভাগে অংশগ্রহণ করবে কুমিল্লা বিবির বাজার হাই স্কুল, ছাত্রী বিভাগে ফেনী ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল ছেলেদের বিভাগে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ, ছাত্রীদের বিভাগে বাঘাইছড়ি খেদামাড়া উচ্চ বিদ্যালয়, রাঙামাটি, কাবাডি ছাত্র বিভাগে জহিরিয়া এমইউ উচ্চ বিদ্যালয়, সিলেট এবং ছাত্রীদের বিভাগে সুনামগঞ্জ নারায়নতলা মিশন বালিকা উচ্চ বিদ্যালয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আহবায়ক ফারহানা হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম প্রমুখ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১৩৪ ঘ.
bdnews24