২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দ্বিতীয় এশীয় পর্যটন মেলা শুরু

দেশের পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ-তরুণীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ-তরুণীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় এশীয় পর্যটন মেলা ২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ফারুক খান বলেন, “দেশের পর্যটন শিল্পের উন্নয়নে তরুণদের মেধা ও সৃজনশীল মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে করে তারা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারে। অন্যদিকে, নারীরা এদেশের জনসংখ্যার অর্ধেক, তাই তাদেরও আরো বেশি করে এ খাতে অংশ নিতে হবে।” দেশে পর্যটন শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা হিসাবে অবকাঠামোগত দুর্বলতার কথা অকপটে স্বীকার করেন মন্ত্রী। “আমাদের এখানে যতো দ্রুত এ শিল্প বিকাশের সম্ভাবনা ছিলো তা ততো দ্রুত হচ্ছে না। এর কারণ, কিছু কিছু এলাকায় এখনো অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়নি।” তবে সরকার এ বিষয়ে কাজ করছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে ফারুক খান আরো বলেন, বাংলাদেশ বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে, কেবলমাত্র পর্যটন এলাকাগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলেই তারা আসবেন। পদ্মা সেতু প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সেতু নির্মাণ হলে তা দেখতে বিদেশি পর্যটকরা আসবে। দেশের দক্ষিণ অঞ্চলের জন্য তা সুফল বয়ে আনবে। সেতুকে ঘিরে অনেক রিসোর্টও তৈরি হবে। মানুষের কর্মসংস্থান হবে। মাসিক পর্যটন বিচিত্রা আয়োজিত তিনদিনের এ পর্যটন মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। মেলার আয়োজকরা জানান, বাংলাদেশ ছাড়াও মেলায় ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, চীন, শ্রীলংকা, নেপাল, ভুটান ও ভিয়েতনামের মোট ১২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, টুরিজম ইন্সটিটিউট ইত্যাদি। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ, হোটেল প্যাকেজ বুকিং সুবিধা এবং বিশেষ ছাড় দিচ্ছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সর্বসাধারণের জন্য প্রবেশ মুল্য ২০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/১৯২৭ ঘ.