বগুড়া, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টায় পশ্চিম ভরশাহী ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনায় ওই দম্পতির ছেলে আকাশসহ (৭) তিনজন আহত হয়েছে। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রফিকুল ইসালাম (৩৫) ও তার স্ত্রী পপি খাতুন (২৫) উপজেলার খোকশাবাড়ী গ্রামের বাসিন্দা।
ধুনট থানার ওসি (তদন্ত) শাহজাহান পাশা সাংবাদিকদের বলেন, নিহত দম্পতি ধুনট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে শেরপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পপি মারা যান।
আহত রফিকুল ইসালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার পর দুপুর ১২টায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০৬ ঘ.
bdnews24