কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে ‘ছেলে ধরা’ সন্দেহে জনতার পিটুনিতে নিহত মাকসুদা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছেন তার স্বজনরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর হাসেম রোডে ছয় বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মাকসুদাকে পিটুনি দেয় জনতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
আর যে শিশুর জন্য ওই নারীকে পিটিয়ে মারা হয়, সেই শিশুকে পরে পাশের বাসায় খেলতে থাকা অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের স্বামীর বড় ভাই মাসুদ হোসেন বৃহস্পতিবার মধ্যরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাকসুদা সাত বছর আগে ‘পাগল’ হয়ে যান। চিকিৎসার পরও সে সুস্থ হয়নি।”
এই অবস্থা নিয়েও মাকসুদা প্রায়ই গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফলের পরপুরকানী থেকে লঞ্চে করে ঢাকায় চলে আসতেন। ঢাকায় তিনি ‘রাস্তাঘাটেই’ থাকতেন বলে মাসুদ হোসেন জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মহিলাকে আগেও এলাকায় দেখেছি। তবে তাকে কখনো অপ্রীতিকর কিছু করতে দেখা যায়নি। বরং তাকে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে।”
ফারুক জানান, পুলিশ মাকসুদাকে গাড়িতে তুলে নেওয়ার পরও জনতা তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দ্বিতীয় দফায় পেটায়।
অবশ্য যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলামের দাবি, মাকসুদাকে গাড়িতে ওঠানোর পর জনতা আর তাকে পেটাতে পারেনি।
মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার মোজ্জাম্মেল হক বৃহস্পতিবার ওই ঘটনাকে ‘একটি হত্যাকা-’ হিসেবে উল্লেখ করেন।
পুলিশের দেয়া বিবরণ অনুযায়ী, যাত্রাবাড়ীর হাসেম রোডে তাওহিদা নামে ছয় বছরের একটি শিশুর নিখোঁজ হওয়ার খবরে সড়কের অ্যাঞ্জেল গার্মেন্টসের সামনে মাকসুদাকে পেয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া হয়। জনতার পিটুনি থেকে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন পুলিশের তিন সদস্য। উত্তেজিত জনতা পুলিশের ভাড়া করা গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় মাসুদ হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আর পুলিশের পক্ষ থেকে কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা হয়েছে।
পিটুনি ও ভাঙচুরে জড়িত সন্দেহে এ পর্যন্ত আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/জেকে/১৮১০ ঘ.
bdnews24