২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক: অনিয়মের কথা স্বীকার ব্যাংক কর্মকর্তার

সংসদীয় কমিটির কাছে এই স্বীকারোক্তি দেন সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম বহির্ভূতভাবে হলমার্ক গ্রুপকে বিপুল অঙ্কের ঋণ দেয়ার কথা স্বীকার করেছেন সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক একেএম আজিজুর রহমান। বৃহস্পতিবার অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি উপকমিটির কাছে এ স্বীকারোক্তি দেন তিনি। ওই উপকমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শাখা ব্যবস্থাপক স্বীকার করেছেন যে, প্রয়োজনীয় কাগজপত্র ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হলমার্ককে অর্থ দিয়েছিলেন তিনি।” এদিন সংসদে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, উপ ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান ও মাঈনুল হকসহ ব্যাংকটির বেশ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে ওই উপকমিটি। তাজুল ইসলাম বলেন, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং এক্ষেত্রে তাদের গাফিলতি রয়েছে। এ অর্থ কেলেঙ্কারির ক্ষেত্রে আইনের ফাঁকফোকর খুঁজে বের করে তা সংশোধনে কমিটির পক্ষ থেকে সুপারিশ পাঠানো হবে বলে জানান তিনি। “যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের প্রতিবেদন জমা দেবো।” গত ৩ সেপ্টেম্বর গঠিত এ উপকমিটির অন্য সদস্যরা হলেন, গোলাম দস্তগীর গাজী, একেএম মাঈদুল ইসলাম ও এমএ মান্নান। সম্ú্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা ধরা পড়ে। এর মধ্যে হলমার্ক গ্রুপই তুলে নেয় আড়াই হাজার কোটি। এ ঘটনায় গত ৩০ অগাস্ট দুই মহাব্যবস্থাপক ও অন্য ১৮ কর্মকর্তাকে বহিষ্কার করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। নিয়ম বহির্ভূতভাবে সোনালী ব্যাংকের এ ঋণ দেয়ার ঘটনা প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে গঠিত ওই সংসদীয় উপকমিটি রাষ্ট্রীয় চার ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের ১০টি বড় অঙ্কের ঋণ প্রদানের ঘটনা তদন্ত করবে। এছাড়া সোনালী ব্যাংকের এই অর্থ কেলেঙ্কারির ঘটনা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মীর জয়নাল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২২৪৭ ঘ.