নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লা শিল্পাঞ্চলের পোস্ট অফিস-শিবু মার্কেট সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে এ অবরোধের কারণে সড়কটিতে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল।
“এতে ওই সড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।”
এলাকাবাসী জানায়, কয়েক বছর ধরে সদর উপজেলার ফতুল্লার শিল্পাঞ্চলের ফতুল্লা পোস্ট অফিস-শিবু মার্কেট পর্যন্ত দুই কিলোমিটার সড়ক ভাঙ্গা। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টি আসলেই সড়কটিতে হাটু পানি জমে যায়। প্রায়ই সড়কটিতে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করলেও কোন কাজ হয়নি।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবিতে অবরোধ করে ও বিক্ষোভ সমাবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৫ ঘ.
bdnews24