২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অপেক্ষায় তিস্তা সেতু

লালমনিরহাট-রংপুর মহাসড়কে ৭৫০ মিটার দীর্ঘ এই সেতু উদ্বোধনের পর কালেক্টরেট মাঠে এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:52 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট-কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ৭৫০ মিটার দীর্ঘ তিস্তা সেতু উদ্বোধন করতে লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লালমনিরজাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এর পরপরই উদ্বোধন করবেন তিস্তা সেতুর। বিকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায়ও তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল হক মামুন। তবে বুধবার সারারাত মুষলধারে বৃষ্টি হওয়ায় কালেক্টরেট মাঠে ৪ থেকে ৬ ইঞ্চি সমান পানি জমে যায়। সকালে জেলা প্রশাসন মাঠ থেকে পানি নিষ্কাশন করে নেয়। লালমনিরহাট ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানি নিষ্কাশনের কাজ শেষ হয়েছে। এক ঘণ্টার মধ্যে মাঠ শুকিয়ে যাবে। আওয়ামী লীগের আগের মেয়াদে ২০০১ সালের ১ জুলাই তিস্তা সেতুর প্রথম দফা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৬ সালের ৫ অগাস্ট আবারো এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতু উন্মুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় দফা ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছর পর। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে তিস্তা সেতু ও আশেপাশের এলাকা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের দুই ধারে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। তিস্তা সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী লালমনিরহাট ডায়াবেটিক সমিতির নবনির্মিত বহুতল ভবন, প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভবন, লালমনিরহাট-বুড়িমারী ৮৫ মিটার রেললাইনের সংস্কার করা নতুন অংশের উদ্বোধন করবেন। এছাড়া তিনি লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউট ভবন এবং গঙ্গাচড়া-বুড়িরহাট-মহিপুর কৈলাশগঞ্জ-শংকরদহ-কাকিনা সড়কে তিস্তা নদীর ওপর ৮৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার দ্বিতীয় তিস্তা সড়ক সেতু ও লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ি সড়কে দ্বিতীয় ধরলা সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যডভোকেট মতিয়ার রহমান জানান, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বেলা ৩টায় প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। এতে সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এই জনসভা সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন। প্রধানমন্ত্রীর সফরের আগের দিন তিস্তা সেতু ঘুরে দেখেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে বুধবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় কাদের বলেন, “এই সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এ সেতুর কাজ জুনের মধ্যে শেষ করেছি।” কুড়িগ্রাম জেলার সব রাস্তা আগামী এপ্রিলের মধ্যে চলাচল উপযোগী করা হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১১২৬ ঘ.