ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক পক্ষের সঙ্গে মতের অমিল হওয়ায় কথা জানিয়ে পদত্যাগ করেছেন দৈনিক আমাদের সময়ের প্রধান সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু।
গত সোমবার পদত্যাগপত্র দেয়া মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্পাদক পদটির প্রাতিষ্ঠানিক এবং পেশাদারিত্বের মর্যাদা অক্ষুন্ন রাখতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
সম্প্রতি আবু হাসান শাহরিয়ারকে আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগ দেন পত্রিকাটির মালিক নূর আলী।
সোমবার বিকালে আবু হাসান শাহরিয়ারকে সংবাদপত্রের কার্যালয়ে ফুল দিয়ে বরণ করেন নূর আলী। এর কিছু সময় পরই মোজাম্মেল হোসেন মঞ্জু কার্যালয়ে ঢোকেন এবং পদত্যাগপত্র দিয়ে বেরিয়ে যান বলে সংবাদপত্রটির কর্মীরা জানান।
মঞ্জু বলেন, “একটি পত্রিকায় সাংবাদিকদের নিয়োগসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব সম্পাদকের। এ ক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ কাম্য নয়। কিন্তু যখন মালিকপক্ষ কোনো ধরনের আলোচনা না করে কাউকে নিয়োগ দেয়, তখন তা মেনে নেয়া সম্ভবপর হয় না।”
মোজাম্মেল হোসেন মঞ্জু পেশাদার সাংবাদিকতা শুরু করেন ভোরের কাগজে। এরপর প্রথম আলো, সমকাল, সংবাদসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২২৪৫ ঘ.
bdnews24