চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও মাদ্রাসা ছাত্রসহ সাত ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ২৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চবি ছাত্র তারেক মাহমুদ আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ ছাড়া মো. মহিউদ্দিন (২৪), শেকুল ইসলাম (২৫) বিভিন্ন মাদ্রাসার আলিম ও দাখিল শ্রেণীর ছাত্র। তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার ন্যাক্ষংখালী গ্রামে।
অপর চারজন ব্যবসায়ী জাহিদুল ইসলাম (২৪), জিয়াউল হক (২৫), তৈহিদুল ইসলাম (২৬), আল মাসুদ (২১)। তাদের মধ্যে প্রথম তিনজন কক্সবাজার সদর এলাকার টেক পাড়া এলাকায় এবং অপর জনের বাড়ি কুমিল্লার মুরাদ নগর এলাকায়।
বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত নগরীর জিইসি মোড়, চকবাজার ও বায়েজীদ বোস্তামী মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা।
তিনি জানান, জিইসি মোড় থেকে ক্রেতা সেজে জাহিদুল ও জিয়াউলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চকবাজার এলাকা থেকে তৈহিদুল ও আল মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর একটি অভিযানে বায়েজিদ বোস্তামী মাজার গেইট থেকে ৪৩০ পিস ইয়াবাসহ চবি ছাত্র তারেক মাহমুদ, মহিউদ্দিন, শেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তারা ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২১০০ ঘ.
bdnews24