২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের

প্রধান বিরোধী দলকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে নবম সংসদের চতুর্দশ অধিবেশনের ইতি টেনেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দলকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে নবম সংসদের চতুর্দশ অধিবেশনের ইতি টেনেছেন স্পিকার আবদুল হামিদ। বুধবার অধিবেশনের সমাপ্তি ঘোষণার সময় স্পিকার বলেন, “আমি জাতীয় ও আন্তর্জাতিক সব ফোরামেই জাতীয় সংসদের ‘কার্যকর’ ভূমিকার বিষয়ে আশাবাদ পোষণ করে থাকি এবং এ ব্যাপারে বিশেষ করে বিরোধী দলকে প্রধান ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আসছি।” প্রধান বিরোধী দল সংসদ অধিবেশনে অংশ নিয়ে জনগণকে দেয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই অধিবেশনে সংসদ সদস্যদের আলোচনাকে গঠনমূলক উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “আমার কাছে ভাল লেগেছে এবারের অধিবেশনে বেশ কিছু ইস্যুতে সদস্যরা অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছেন এবং সুধীমহলে যা প্রশংসিত হয়েছে।” এই অধিবেশনের পুরোটা সময় বিরোধী দল অনুপস্থিত থাকলেও গত অধিবেশনে তারা যোগ দিয়েছিল। ওই অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বেশ বাক-বিতণ্ডা হয়, যার অনেক আলোচনাই অসংসদীয় বলে স্পিকারকে কার্যবিবরণী থেকে বাদ দিতে হয়েছিল। স্পিকার জানান, চতুর্দশ অধিবেশনে মোট কার্যদিবস ছিল ১০টি। এ অধিবেশনে ২২টি সরকারি বিলের মধ্যে ১৩টি পাস হয়। এছাড়া একটি বেসরকারি বিল উত্থাপিত হয়। সংসদ নেতা শেখ হাসিনার বক্তব্যের পরে স্পিকার চলতি অধিবেশনের সমাপ্তি টানেন। বিরোধী দলের অনুপস্থিতিতে শরৎকালীন এ সংক্ষিপ্ত অধিবেশন শুরু হয়েছিল গত ৪ সেপ্টেম্বর। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য সর্বমোট ৮৪টি প্রশ্ন ছিল, এর মধ্যে তিনি সম্পূরকসহ ৪৩টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য মোট ১ হাজার ৯০১টি প্রশ্নের মধ্যে ৭০৩টি প্রশ্নের জবাব আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২০৪৯ ঘ.