চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এবং অর্থঋণ আদালতের বিচারককে বদলি করা হয়েছে।
সিএমএম এবিএম নিজামুল হককে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অর্থঋণ আদালতের বিচারক মাহাবুবুল আলমকে সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ হিসেবে বদলি করা হয়।
মঙ্গলবার বিকালে তাদের বদলির আদেশ চট্টগ্রামে পাঠানো হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
গত ১১ জুলাই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সাধারণ সভা থেকে সিএমএম এবিএম নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মাহাবুবুল আলমের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ এনে তাদের সরে যাওয়ার জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছিল।
আলটিমেটাম শেষ হবার পর গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা করে প্রতীকী অবস্থান ধর্মঘটও করেন আইনজীবীরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই দুই বিচারককে বদলি করায় আইনজীবীরা সন্তুষ্ট হয়েছেন।
এদিকে, বুধবার বিকালে আইনজীবী সমিতির সভায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সিএমএম নিজামুল হকের সম্পদ বিবরণী চাওয়ার আহবান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০৪১ ঘ.
bdnews24