২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার উত্তর-পূর্বে সার্কুলার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ

ঢাকার উত্তর-পূর্ব দিকে সার্কুলার বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার উত্তর-পূর্ব দিকে সার্কুলার বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সীমানা রিপোর্টের ভিত্তিতে চলতি সেপ্টেম্বরের মধ্যে একটি প্রস্তাবনা পেশ করবে, যার ভিত্তিতে পরবর্তী কাজ নির্ধারণ করা হবে। এ কে এম রহমতুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বুধবার এ তথ্য জানান তিনি। বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ওই প্রশ্নের জবাব দেন। ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমানে আইনগত কোনো বাঁধা রয়েছে কিনা- হাবিবুর রহমানের এই প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রতিনিধি এ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী কর্তৃক (সিইসি, স্থানীয় সরকার সচিব, ইসি সচিব, দুই প্রশাসক ও দুই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে) ঢাকা সিটি করপোরেশনের দুইভাগে ওয়ার্ডের সীমানা নির্ধারণ সংক্রান্ত রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে আদালতের নির্দেশে স্থগিতাদেশ বজায় রয়েছে। মোহাম্মদ শাহ আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১৪৭টি (মার্চ পর্যন্ত)। কামাল মজুমদারের অপর এক প্রশ্নের জবাবে আশরাফ জানান, বর্তমানে ঢাকা মহানগরীতে চলাচলরত রিক্সার মধ্যে ৭৯ হাজার ৫৪৭টি রিক্সা লাইসেন্সপ্রাপ্ত ও বৈধ। ‘বিদেশি ক্রীড়াবিদদের মান অনেক ভালো’ নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সংসদে জানান, লন্ডন অলিম্পিকে বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ শুটিং, জিমন্যাস্টিকস, আর্চারি, সাঁতার ও এ্যাথলেটিক্সে অংশ নেন। বিশ্বের অন্যান্য দেশের ক্রীড়াবিদদের মান অনেক ভালো হওয়ায় বাংলাদেশি খেলোয়াড়রা ব্যর্থ হন। আর অলিম্পিকে অতিথি, কর্মকর্তা হিসেবে যান ২৫ জন। সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের এক জবাবে আহাদ আলী সরকার আরো বলেন, পাঁচ বাংলাদেশি খেলোয়াড় লন্ডন অলিম্পিকের প্রতিযোগিতায় অংশ নেন। লন্ডন অলিম্পিকে বাংলাদেশ থেকে যাওয়া অপর ২৫ জনের মধ্যে চার জন আমন্ত্রিত অতিথি, ১১ জন কর্মকর্তা ও ১২ জন অন্যান্য ক্যাটাগরিতে লন্ডনে যান। তাদের তালিকাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএ/২০২০ ঘ.